দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ১৯ সেপ্টেম্বর (শনিবার) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা এবং ১২ সেপ্টেম্বর (শনিবার) ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। দুই দফায় মোট দাম বেড়েছিল ২ হাজার ৭৪১ টাকা। সর্বশেষ দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতনপদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যলংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


