ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া থানা রোডসংলগ্ন দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ কার্যক্রম শুরু করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনটি অপরিষ্কার থাকায় ময়লা জমে পানি চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টি হলে পানি নিষ্কাশন না হওয়ায় সড়কের পাশে জলাবদ্ধতা তৈরি হতো। ড্রেনের ময়লা থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণেও দুর্ভোগ পোহাতে হতো পথচারী ও আশপাশের বাসিন্দাদের।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পৌর প্রশাসনের উদ্যোগে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন ধামরাই পৌর প্রশাসক আল মামুন। স্থানীয় যুবদল নেতা শহিদুল ইসলাম সুজনও এ সময় উপস্থিত ছিলেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করেন।
ড্রেন পরিষ্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসী বলেন, শুধু একবার পরিষ্কার করলেই হবে না, নিয়মিত ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে বৃষ্টির সময় জলাবদ্ধতা ও দুর্গন্ধের সমস্যা কমবে।
পড়ুন:সংসার চলছে জোড়াতালিতে, হিসাব মিলছে না নিম্ন ও মধ্যবিত্তের
ইমি/


