স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি। সালমান মুক্তাদির সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করলে পুলিশ তা তদন্ত করে ব্যবস্থা নেবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গতকাল শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান এই কনটেন্ট ক্রিয়েটর। গত রাতে তিনি এই ভাঙচুরের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। এ নিয়ে তিনি নানা কথা বলেন। বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন।
ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি আছে। জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। এক পক্ষের হয়ে বেশ কিছু তা লোক দখল করতে গিয়েছিল। গিয়ে সেখানে ভাঙচুর করেছে। এর মধ্যে সালমান মুক্তাদিরের একটি স্থাপনা, যেখানে তিনি কনটেন্ট ক্রিয়েট করতেন, সেটায়ও ভাঙচুর হয়েছে। এটি ভিডিওতে দেখেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যিনি অভিযোগ করেছেন, তিনি কোনো মামলা করেছেন? করেননি। তিনি একপর্যায়ে বলেছেন, ‘তাঁর (সালমান মুক্তাদির) কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। এ রকম শুনেছি।’
বিএনপিকে চাঁদাবাজ দল বলে যে অভিযোগ সালমান মুক্তাদির করেছেন, সেটা ঢালাও মন্তব্য বলে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সালমান মুক্তাদির সুনির্দিষ্ট মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
পড়ুন : রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী


