জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ওই ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে রিমান্ডে থাকা মোটরসাইকেল চোর চক্রের সদস্য ফারুক, রাজ্জাক এবং সাদ্দামের দেয়া তথ্যে শনিবার রাতে উপজেলার রশিদপুর পাকুল্লা এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। রবিউল হাসান সোহাগ চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে চোর চক্রের সদস্যরা। গোয়েন্দা পুলিশের ভাষ্য, রবিউল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন এবং একটি চোরচক্র পরিচালনা করতেন। শনিবার রাতেই সোহাগের বিক্রি করা একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার থেকে উদ্ধার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেপ্তার সোহাগকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চুরি বন্ধ করতে গোয়েন্দা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
পড়ুন : জাফলংয়ে পর্যটন দিবসে ট্যুরিস্ট পুলিশ ও ব্যবসায়ী সমিতির র্যালি


