জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরনবী মৃধা, কোষাধ্যক্ষ পদে মো. ইমরান হোসেন নির্বাচিত হন। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম ইমন, আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দিন, সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু।
আক্কেলপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এম কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নয় সদস্যের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
পরিচিতি ও আলোচনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ও উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল।
অনুষ্ঠানে বক্তারা নির্মাণ শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, ন্যায্য মজুরি ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের যেকোনো সমস্যা সাংগঠনিকভাবে মোকাবিলা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে কামরুজ্জামান কমল বলেন, “নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম কারিগর। তাদের শ্রম ও ঘামে আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয়। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং কোনো শ্রমিক যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে গুরুত্ব দেবেন।”
পড়ুন : দিনাজপুরে জেলা ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত


