মানুষের রক্তের কোনো বিকল্প নেই ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। এক ব্যাগ রক্ত যেমন নিভতে বসা একটি জীবন প্রদীপকে নতুন করে জ্বালাতে পারে, তেমনি গড়ে তুলতে পারে সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষের মাঝে এক অদ্ভুত সুন্দর আত্মিক সম্পর্ক। এমনই এক পরম মানবিক চেতনাকে বুকে ধারণ করে সফলতার সাথে আটটি বছর পার করল নেত্রকোনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
নানা আনন্দ-আয়োজন, স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আগামীর মানবিক অঙ্গীকারের মধ্য দিয়ে দুর্গাপুরে উদযাপিত হয়েছে ‘এসবি রক্তদান ফাউন্ডেশন’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকেই এক বর্ণিল মিলনমেলার রূপ নেয় দুর্গাপুরের বুরুঙ্গাস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণ। এ উপলক্ষে বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত ছিল আলোচনা সভা, আড্ডা আর আনন্দমুখর পরিবেশে কেক কাটার আয়োজন। বিগত আট বছরের পথচলায় মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোর নানা ঘাত-প্রতিঘাত ও তৃপ্তির গল্পগুলো এদিন উঠে আসে কর্মীদের পারস্পরিক আড্ডায়। রক্তদানের মতো একটি নীরব বিপ্লবকে কীভাবে তারা গ্রামের প্রান্তিক পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন, সেই অভিজ্ঞতাই যেন নতুন স্বেচ্ছাসেবীদের জন্য অনুপ্রেরণা হয়ে ধরা দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবি রক্তদান ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার। আলোচনা পর্বে অংশ নিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিশিষ্টজনেরা সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, “মানবিক মূল্যবোধকে জাগিয়ে তুলে তা বিপন্ন মানুষের কল্যাণে কাজে লাগাতে পারাই হলো মানবজীবনের সবচেয়ে বড় সার্থকতা। এসবি রক্তদান ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবীরা সেই কঠিন কাজটিই অত্যন্ত নীরবে এবং নিরলসভাবে করে যাচ্ছেন। একজন রক্তদাতা যখন স্বেচ্ছায় রক্ত দিয়ে একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান, তখন সেখানে শুধুই চিকিৎসা থাকে না- তৈরি হয় এক অটুট মানবিক সেতুবন্ধন।”
বর্তমান সময়ে যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, রক্তদানের মতো মহতী উদ্যোগে তরুণদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। ব্লাড ব্যাংক সমৃদ্ধকরণসহ স্থানীয় যুবসমাজকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য সংগঠনের সদস্যদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা। একই সাথে আগামী দিনে এসবি রক্তদান ফাউন্ডেশনের যেকোনো গঠনমূলক ও মানবিক কর্মকাণ্ডে এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
আলোচনা সভা শেষে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে সংগঠনের স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। করতালির মধ্য দিয়ে আগামী দিনে আরও বড় পরিসরে মানবতার সেবা করার শপথ নেন সংগঠনের একঝাঁক তরুণ প্রাণ।
বিগত আট বছরের মতো ভবিষ্যতেও নেত্রকোনা ও এর আশপাশের অঞ্চলে মুমূর্ষু মানুষের আস্থার প্রতীক হয়ে বেঁচে থাকুক ‘এসবি রক্তদান ফাউন্ডেশন’- প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে এমনটাই ছিল সবার একান্ত প্রত্যাশা।
পড়ুন : পানিতে ডুবে মৃত্যুঝুঁকিতে শিশুরা: নেত্রকোনায় ৮ মাসে ৮২ প্রাণহানি


