চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা নন্দন বড়ুয়াসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাঁচারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা নন্দন বড়ুয়া তার ৭ বছর বয়সী কন্যা এবং স্বজনদের আরও দুই শিশুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে কোলাগাঁও মুন্সিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে কাঁচারি পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা নন্দন বড়ুয়ার সাত বছর বয়সী কন্যা ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত নন্দন বড়ুয়াসহ আরও দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা রুস্তম আলী জানান, নন্দন বড়ুয়া তার কন্যা এবং তার ভাই উদয়ন বড়ুয়া ও ছোটন বড়ুয়ার সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে মুন্সিরহাটের দিকে যাচ্ছিলেন। কাঁচারি পুকুর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখেন। পরে পুলিশ এসে সেটি জব্দ করে।
পটিয়া কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই মো. মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আহত নন্দন বড়ুয়াসহ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন:ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬
ইমি/


