রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি অপতথ্য ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্যÑ ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’। দিবসটি উপলক্ষে দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, তথ্য পাওয়া জনগণের আইনি অধিকার এবং তা বাস্তবায়নে প্রতিটি প্রতিষ্ঠানে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। আবেদনের পর নির্দিষ্ট সময়ে তথ্য না পেলে বা সংক্ষুব্ধ হলে নাগরিকগণ প্রথমে প্রতিষ্ঠানের আপিল কর্তৃপক্ষ এবং পরবর্তীতে তথ্য কমিশনের কাছে প্রতিকার চাইতে পারেন। তবে সরকারি ও বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠান যদি তাদের হালনাগাদ তথ্য নিয়মিত নিজস্ব ওয়েবসাইটে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করে, তবে নাগরিকদের বারবার আবেদনের প্রয়োজন পড়ে না এবং সহজেই প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব হয়।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ঘটনা বা অপপ্রচার ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সতর্ক থাকার পরামর্শ দেন। জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র কোনো ঘটনাকে বিরাট আকারে প্রচার করে সমাজে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালানো হয়। জেলা ও উপজেলা পর্যায়ে অপতথ্য প্রতিরোধে কমিটি বিদ্যমান থাকলেও মূলত ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার মাধ্যমেই এই অপতথ্য প্রতিরোধ করতে হবে।
এসময় তিনি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সকল প্রতিষ্ঠানকে নাগরিকদের জন্য তথ্য উন্মুক্ত করাসহ সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করা এবং অপতথ্য রোধে সবাই মিলে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আখতার জাহান সাথী, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এনজিও প্রতিনিধি।
পড়ুন : দিনাজপুরে জেলা ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত


