বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কৃষকের সাথে ওজনে কারচুপি করলে জেলে পাঠানোর নির্দেশ ডেপুটি স্পিকারের

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সুন্দর ও মানবিক দুর্গাপুর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত মুনাফার লোভে সাধারণ জনগণকে জিম্মি না করার এবং ওজনে কারচুপি না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর জেলা পরিষদ অডিটরিয়ামে ‘দুর্গাপুর বাজার ব্যবসায়ী ও বণিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আগে আপনাদের আয়োজিত একটি মতবিনিময় সভায় আমি ওয়াদা করেছিলাম, ভোটে নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়ে তুলবো। গত সাত মাসে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। একদিনে হয়তো গত দেড় দশকের চাঁদাবাজ ও সন্ত্রাস শেষ করা সম্ভব নয়, তবে আমাদের সদিচ্ছা আছে। ব্যবসায়ীদের মূল চাহিদা হলো নির্বিঘ্নে ও নির্ভয়ে ব্যবসা করা। ইতিমধ্যে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। তারা যত বড় ক্ষমতাবানই হোক না কেন, আইনের চেয়ে শক্তিশালী কেউ নয়। আমরা সবাইকে আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ।”

ব্যবসায়ীদের প্রতি অনুরোধ ও কঠোর বার্তা দিয়ে ডেপুটি স্পিকার বলেন, “আপনারা ব্যবসা করে মুনাফা অর্জন করবেন, কিন্তু জনগণকে গলায় দড়ি দিয়ে মুনাফা করবেন না। সুযোগের সদ্ব্যবহার করুন, অসদ্ব্যবহার করবেন না। কৃষকের রক্ত পানি করা ফসল কেনার সময় ৪৩ কেজিতে মণ বানাবেন না।” তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, “কৃষকের সাথে ওজনে কারচুপি করলে মোবাইল কোর্টের মাধ্যমে শুধু ৫০ হাজার বা লাখ টাকা জরিমানা করলেই হবে না, তাদের জেলে ঢোকাতে হবে। আমরা যেমন চাঁদাবাজমুক্ত সমাজ দিয়ে আপনাদের নির্বিঘ্নে ব্যবসার নিশ্চয়তা দিচ্ছি, আপনাদেরও ওয়াদা করতে হবে যেন সাধারণ মানুষকে ঠকিয়ে মুনাফা অর্জন না করেন।”

দুর্গাপুরকে আধুনিক ও পর্যটনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “পুরো দুর্গাপুরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। আর কয়েকদিন পর থেকেই সারা দেশ থেকে পর্যটকরা দুর্গাপুরে আসবেন। এতে আপনাদের অর্থ উপার্জনের অবাধ সুযোগ সৃষ্টি হবে। কিন্তু কেউ সুযোগের অসদ্ব্যবহার করলে আইন কাউকে ছাড় দেবে না।”

বক্তব্যের শেষে তিনি বলেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজ দিয়ে প্রমাণ করতে চাই, আমরা সুন্দর ও মানবিক দুর্গাপুর গড়ে তুলবো, যেখানে প্রত্যেক নাগরিক তার অধিকার ভোগ করবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করবে।”

দুর্গাপুর বাজার বণিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং দুর্গাপুর উপজেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : আক্কেলপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন