কিশোরগঞ্জ জেলা যুবদলের আগামী নেতৃত্ব কেন্দ্রিক রাজনীতির মাঠে সভাপতি পদপ্রার্থী হিসেবে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন বর্তমান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুজ্জামান (পার্নেল)।
দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের চরম আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূল সময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সংগঠনকে সুসংগঠিত করার ভূমিকার কারণে তরুণ এই নেতাকে ঘিরে দলীয় বলয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
স্থানীয় যুবদলের একাধিক নেতাকর্মী জানান, বিগত দিনের রাজনৈতিক দুঃসময়েও মাঠ ছাড়েননি তারিকুজ্জামান পার্নেল। রাজপথের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের যেকোনো বিপদে-আপদে অভিভাবকের মতো আগলে রেখেছেন। হামলা, মামলা ও নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে কিশোরগঞ্জ জেলা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।
তৃণমূলের নেতাকর্মীদের একাংশের ভাষ্য, সাধারণ কর্মীদের সাথে সুসম্পর্ক, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাংগঠনিক দক্ষতার কারণে তারিকুজ্জামান পার্নেল নেতাকর্মীদের আস্থা অর্জন করতে পেরেছেন। জেলা যুবদলকে আরও বেশি সুশৃঙ্খল, গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে তাকে সভাপতি পদে দেখতে চান জেলার মাঠপর্যায়ের নেতা-কর্মীরা।
আলোচনার বিষয়ে জানতে চাইলে তারিকুজ্জামান পার্নেল জানান, দলের আদর্শ ও সংগঠনের কল্যাণে তিনি সবসময় নিবেদিতপ্রাণ হয়ে রাজপথে কাজ করেছেন। দল ও কেন্দ্রীয় নেতৃত্ব যদি তার দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমে আস্থা রেখে তাকে কোনো দায়িত্ব দেন, তবে কিশোরগঞ্জ জেলা যুবদলকে আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও আদর্শিক সংগঠন হিসেবে এগিয়ে নিয়ে যেতে তিনি প্রস্তুত রয়েছেন।
পড়ুন : তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া নয়: ডিসি জাহিদ


