নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তজেলা ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের আরও ৩-৪ জন সদস্য পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) এর নেতৃত্বে পুলিশের একটি দল গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত আটজন ডাকাত একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রেজাউল করিম ওরফে লসিমন, মোঃ সাগর ও মোঃ রিমন হোসেন। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ আটটি, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ পাঁচটি এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, চক্রটি এর আগে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পলাতক সদস্যদের নাম-ঠিকানা শনাক্ত ও গ্রেপ্তারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : সুনির্দিষ্ট নীতিমালা ও ৮ দফা দাবিতে গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন


