বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকেরা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন।

বিজ্ঞাপন

ডেবিট ও ক্রেডিট কার্ডে টাকা ছাড়া অন্য মুদ্রায় লেনদেনের সুবিধা থাকলে এসব কার্ড আন্তর্জাতিক কার্ড হিসেবে ব্যবহার করা যাবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনায় সংশোধন আনা হয়েছে।

সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকেরা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। আগে এ সুবিধার ক্ষেত্রে শর্ত ছিল, বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকতে হবে।

নতুন নির্দেশনায় এ শর্তের পরিধি বাড়ানো হয়েছে। এখন বিদেশি এয়ারলাইনস তাদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশে পরিচালিত ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। এই সুবিধার আওতায় কেনা টিকিটের মূল্য প্রযোজ্য ভ্রমণসীমার বাইরে থাকবে। অর্থাৎ নির্ধারিত ভ্রমণসীমার হিসাবের বাইরে থেকেই এসব টিকিট কেনা যাবে।

আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার পর সংশ্লিষ্ট লেনদেন যাচাই করা হবে। যাচাই শেষে গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার জন্য ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে ব্যাংক। তবে এ বিষয়টি গ্রাহক ও ব্যাংকের বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতাধীন ব্যবস্থার ওপর নির্ভর করবে।

এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানাতে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার লেনদেন সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে নির্ধারিত ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে।

ব্যবসায় সংশ্লিষ্টদের মতে, সংশোধিত নির্দেশনার ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির জন্য বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজন কমবে। একই সঙ্গে অনলাইনে বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির প্রক্রিয়াও সহজ হবে।

বিদেশে শিক্ষা ব্যয়েও আন্তর্জাতিক কার্ড

বিদেশে শিক্ষা ব্যয় পরিশোধ সহজ করতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধাও চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

যেকোনো ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখা বিশেষ এ আন্তর্জাতিক কার্ড গ্রাহকের নামে বরাদ্দ দিতে পারবে। ওই শিক্ষার্থী কিংবা তাঁর শিক্ষা ব্যয় বহনকারী ব্যক্তির নামে কার্ডটি চালু করা যাবে।

তবে এ কার্ড শুধু শিক্ষা ব্যয় পরিশোধের কাজে ব্যবহার করা যাবে। সাধারণ কার্ডের মতো অন্য কোনো ব্যয়ে এটি ব্যবহার করা যাবে না।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলারে বলা হয়েছে, এ সুবিধা বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় আনা ব্যয়ের সঙ্গে এক করা যাবে না।

সার্কুলারে শিক্ষা কার্ডের লেনদেন পৃথকভাবে সংরক্ষণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক ডেবিট, প্রি-পেইড ও ক্রেডিট কার্ড দিতে পারবে।

বর্তমানে বিদেশে শিক্ষা ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবাসনের বাইরে থাকার সময় বাড়িভাড়া ও অন্যান্য ব্যয় পরিশোধে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়।

নতুন সিদ্ধান্তের ফলে শিক্ষা ব্যয়ের সমপরিমাণ অর্থ বিশেষ এ আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও খরচ করা যাবে। এ সুবিধা দিতে শিক্ষা ব্যয়ের সীমা যাচাই করতে হবে এডি শাখাকে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয়ের পাশাপাশি ভর্তি প্ল্যাটফর্মগুলোর সেবা মাশুলও এ আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

নতুন সুবিধা চালুর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু ক্ষেত্রে বিদেশে সব ব্যয় কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হয়। এ কারণে দেশি শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় পরিশোধে আন্তর্জাতিক কার্ডের প্রচলনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

কার্ড বরাদ্দ দেওয়ার আগে প্রয়োজনীয় প্রমাণ ও কাগজপত্র যাচাই-বাছাই করতে এডি শাখাগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি শিক্ষা কার্ডের সব লেনদেনের তথ্য প্রতিবেদন আকারে জমা দিতেও বলা হয়েছে।

পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা অব্যাহত, ছাড়ের খবর অস্বীকার ট্রাম্পের

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন