বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নেপালের লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পানকৌড়ি’

নেপালের প্রথম লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ প্রদর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘পানকৌড়ি’। আগামী ৮ থেকে ১০ অক্টোবর নেপালের পালপার তানসেনে তিন দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

উৎসব কর্তৃপক্ষ সম্প্রতি ‘পানকৌড়ি’র নির্মাতা জাফর মুহাম্মদকে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে আমন্ত্রণ জানিয়েছে। উৎসবের দর্শকদের সামনে বাংলাদেশের করতোয়া নদী এবং নদীকেন্দ্রিক মানুষের জীবন ও স্মৃতির গল্প তুলে ধরবে ১৮ মিনিট ১৭ সেকেন্ডের এই প্রামাণ্যচিত্র।

‘পানকৌড়ি’র গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের করতোয়া নদী ও মুজিবুর রহমানকে ঘিরে। জীবনের ৫৫ বছর করতোয়া নদী থেকে পাথর সংগ্রহ করে কাটিয়েছেন তিনি।

মুজিবুর রহমানের জীবন, নদীর সঙ্গে মানুষের সম্পর্ক এবং সময়ের সঙ্গে ক্ষীণ হয়ে আসা করতোয়ার স্রোতকে পর্যবেক্ষণধর্মী নির্মাণশৈলীতে তুলে ধরেছেন নির্মাতা জাফর মুহাম্মদ। ২০১৯ সালে শুরু হওয়া প্রামাণ্যচিত্রটির নির্মাণ শেষ হয় ২০২৫ সালে। তবে ছবির পোস্ট-প্রোডাকশনের সময়ই মৃত্যুবরণ করেন এর প্রধান চরিত্র মুজিবুর রহমান।

দেশের গণ্ডি পেরিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ‘পানকৌড়ি’র উৎসবযাত্রা। আওয়ার ফিল্মস শর্টস ফেস্ট (২০২৫) এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব (২০২৫)-এ শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের সম্মাননা পেয়েছে চলচ্চিত্রটি। পাশাপাশি ১২তম কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল ও কেরালা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (২০২৬)-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয় এটি। দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত ৭ম নদী উৎসবের ‘The River as an Archivist’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনীতেও জায়গা করে নেয় ‘পানকৌড়ি’।

বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত একটি আন্তঃসীমান্ত নদী করতোয়া। এই নদীকে ঘিরে গড়ে ওঠা মানুষের জীবন, জীবিকা ও স্মৃতির পরিবর্তনই ‘পানকৌড়ি’র মূল বিষয়। একজন মানুষের দীর্ঘ ৫৫ বছরের নদীনির্ভর জীবনের মধ্য দিয়ে করতোয়ার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের হারিয়ে যেতে থাকা স্মৃতি ধরে রাখার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটিতে।

এবার সেই গল্পই পৌঁছাবে নেপালের দর্শকদের কাছে। আগামী ৮ থেকে ১০ অক্টোবর তানসেনে অনুষ্ঠিত ১ম লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পানকৌড়ি’র প্রদর্শনের মধ্য দিয়ে চলচ্চিত্রটির আন্তর্জাতিক উৎসবযাত্রায় যুক্ত হচ্ছে নতুন অধ্যায়।

পড়ুন : ভিএমএএসে নতুন ইতিহাস, সর্বোচ্চ পুরস্কারজয়ী টেইলর সুইফট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন