বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য উচ্চপর্যায়ের ভারত সফর নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে খুব ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করব। আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক। কিছু চ্যালেঞ্জ আছে। আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।
ভারতে প্রধানমন্ত্রীর সফরের সময় বা তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি জায়গায় পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।
নভেম্বরে সফর হতে পারে- এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা চলছে। গুঞ্জন নিয়ে আমি কথা বলি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি।
তিনি আরও বলেন, বাস্তবতা হচ্ছে, আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুবই আশাবাদী যে খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।
এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে। উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।
বৈঠক শেষে দিনেশ ত্রিবেদী বলেন, ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। তবে দুদেশের সরকারপ্রধানের বৈঠক নিয়ে কোনো তাড়াহুড়ো দেখছেন না তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাতে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান।
বৈঠকে দুদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশন (ইউএনজিএ) নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পারস্পরিক স্বার্থ ও দুদেশের জনগণের কল্যাণে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভবিষ্যতমুখী ও পারস্পরিক সম্মানভিত্তিকভাবে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে।
পড়ুন : অপরাধের ময়দানে কিশোর গ্যাং, আড়ালের ‘বড় ভাই’ কারা?
সা/


