যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে ৩৪০০.৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ ও একজনকে আটক করা হয়।আটক ব্যক্তি হলেন মোঃ রিপন (৪১)। তিনি যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে স্বর্ণের বারসহ আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ২৬টি স্বর্ণের বারের মোট ওজন ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এছাড়া দুটি মোটরসাইকেলের মূল্য ৪ লাখ টাকা, দুটি মোবাইল ফোনের মূল্য ৪০ হাজার টাকা এবং একটি স্মার্ট ঘড়ির মূল্য ১২ হাজার টাকা।সব মিলিয়ে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।
বিজিবি আরও জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিস, যশোরে এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ সব ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:ওলিসের দুর্দান্ত গোলে জিতল ফ্রান্স
ইমি/


