বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সংগীতশিল্পী জুবিন নটিয়ালের ব্যক্তিগত জীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। গত ১৪ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা হয়েছেন এই তারকা শিল্পী। বর্তমানে মা ও সদ্যজাত সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন এবং ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন গায়ক নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা হওয়ার আনন্দের খবরটি শেয়ার করেন জুবিন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এখন এক সন্তানের বাবা! গণেশ চতুর্থীর এই বিশেষ ও শুভ দিনে আমাদের ঘরে এসেছে এক পুঁচকে রাজপুত্র। মা ও বাচ্চা দুজনেই একদম সুস্থ আছে এবং তারা এখন বাসাতেই রয়েছে।’
সন্তানের বয়স কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো তার নাম ঠিক করা হয়নি। এ বিষয়ে জুবিন বলেন, ‘আমরা এখনো ছেলের নাম চূড়ান্ত করিনি। আপাতত তার সঙ্গে প্রতিটি সুন্দর ও আবেগঘেরা মুহূর্ত উপভোগ করতে ব্যস্ত সময় পার করছি। এখন কাজের তাগিদে ঘরের বাইরে যেতে হলে মনটা থাকবে বাচ্চার কাছে। তবে আপাতত প্রতিটি মুহূর্ত ছেলের সঙ্গেই কাটাচ্ছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।’
সংগীতজগতে জুবিন নটিয়ালের যাত্রা শুরু হয় ২০১১ সালে ‘এক্স্যাক্টর ইন্ডিয়া’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে। এখন পর্যন্ত তার ঝুলিতে জমেছে দুই শতাধিক গান। এরপর ২০১৪ সালে ‘সোনালী ক্যাবল’ ছবির ‘এক মুলাকাত’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তার।
পরবর্তী সময়ে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘জিন্দেগি কুছ তো বাটা’ এবং ‘কাবিল’ ছবির ‘কাবিল হু’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান জুবিন। এরপর ‘শেরশাহ’ ছবির ‘রাতা লাম্বিয়া’, ‘লুট গেয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারো কে শহর’ ও ‘তুমি হি আনা’র মতো একাধিক জনপ্রিয় রোমান্টিক গান উপহার দিয়ে ভক্তদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন এই শিল্পী।
পড়ুন : কোনাবাড়ীতে টিনশেড বাসাবাড়িতে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা
সা/


