ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে সড়ক দখলমুক্তকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারাদেশের মতো ধামরাইয়েও মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করবে নিসচা।
কর্মসূচির উদ্বোধন করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন সাভার হাইওয়ে থানার ইন্সপেক্টর আসাদুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক।
এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক-শ্রমিকদের সচেতনতা, মাদকমুক্ত পরিবহন ব্যবস্থা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
নিসচা ধামরাই শাখার সভাপতি মো. নাহিদ মিয়া জানান, মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচার, ট্রাফিক কার্যক্রম, পরিবহন মালিক-শ্রমিক ও হাইওয়ে পুলিশের সঙ্গে মতবিনিময়, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা, বৃক্ষরোপণ, সচেতন চালকদের সম্মাননা এবং শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।
পড়ুন : চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন


