জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, সরকার সরলতা দেখিয়ে সবার সঙ্গে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। তবে প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘তায়কোয়ান্দো ফেডারেশন ক্লাব প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, “সরকারকে দুর্বল মনে করলে ভুল হবে।”
তিনি বলেন, “সরকার তার সরলতা দেখিয়ে আপনাদের সবাইকে নিয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। সরকার সুদৃঢ় এবং অত্যন্ত কঠিন।”
চিফ হুইপ বলেন, গতকাল তাদের একজন সংসদ সদস্য দল থেকে বহিষ্কার হওয়ার পর পদত্যাগ করেছেন। কেন তিনি পদত্যাগ করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “তিনি এমন কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন কি না, যা আমাদের চেয়ারম্যান পছন্দ করেননি অথবা দেশের স্বার্থের বাইরে ছিল।”
তিনি আরও বলেন, “দেশের স্বার্থের বাইরে কোনো কার্যক্রম হলে তিনি কঠোর পদক্ষেপ নেবেন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্যই তিনি তৈরি হচ্ছেন।”
মানুষ, টাকা ও সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, “মানুষ, টাকা ও সুস্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম হাতে নিতে হবে। পরিবেশ, জীবন কৌশলও মানুষ চায়।”
তিনি বলেন, একটি আন্দোলন পাঁচ বছর ধরে চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “একটি মানুষের বাচ্চা জন্ম নিতে নয় মাস থেকে ১০ মাস সময় লাগে, একটি গাছের ফল ফলতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে। আমরা পাঁচ বছর ধরে আন্দোলন করছি। কেউ কেউ স্লোগান দেয়, আমরা শুধু গ্যাস-বিদ্যুৎ চাই।”
জ্বালানির দাম ও সংকট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, “পেট্রলের দাম বেড়েছে। তিন কিলোমিটার, চার কিলোমিটার, পাঁচ কিলোমিটার যাওয়ার জন্যও জ্বালানির প্রয়োজন হয়। গ্যাস, তেল নিয়ে সংকট তৈরি হলে দুদিন ঈদ করার জন্য পেট্রলের দাম বাড়বে। এরপর সরকার সামান্য টাকা সমন্বয় করে তিনদিনের মধ্যে পেট্রলের দাম আবার কমিয়ে দেবে।”
তিনি আরও বলেন, “আমি মাত্র তিনদিন আগে বিপিসিকে জিজ্ঞেস করেছিলাম, তিনদিন আগে এত হাহাকার ছিল, সেই ফুয়েল, ডিজেল, পেট্রল, অকটেন, ফার্নেস অয়েল বাংলাদেশে তিনদিনের মধ্যে কোথা থেকে এলো? আকাশ থেকে বৃষ্টি হলো, নাকি আমরা হাজার হাজার জাহাজ নিয়ে এসেছি?”
কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে নুরুল ইসলাম মনি বলেন, “কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরি করে।” তিনি বলেন, “আপনারা দেখেছেন, কোনো কোনো বাড়ি ও কোনো কোনো দলের কোনো কোনো নেতার বাড়ি থেকে এসব জিনিস উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে সেসব জায়গা থেকে জিনিস উদ্ধার করা হয়েছে। সরকার কাজ করেছে।”
সরকারকে দুর্বল না ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের সবার কাছে অনুরোধ করতে চাই, কোনোভাবেই সরকারকে দুর্বল মনে করবেন না। সরকার তার সরলতা দেখিয়ে চেষ্টা করছে, আপনাদের সবাইকে নিয়ে কার্যক্রম চালাতে চেষ্টা করছে। সরকার সুদৃঢ় এবং অত্যন্ত কঠিন।”
লংমার্চ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, “আপনাদের সুযোগ দিয়ে দেখা হয়েছে। আজকে আপনারা লংমার্চ করেন, লংমার্চ করে অরাজক পরিস্থিতি তৈরি করে সেই ফাঁকে কাউকে ঢোকানোর চেষ্টা করছি কি না, সেটা আপনাদের ভেবে দেখার জন্য অনুরোধ করছি।”
তিনি আরও বলেন, “যারা লংমার্চ করছেন, তারা দেশের ভালো চান না মন্দ চান, সে সিদ্ধান্ত আপনাদের।”
পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সুযোগের কথা উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, “পার্লামেন্ট খোলা, টেলিভিশন খোলা। পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বললে সমগ্র বাংলাদেশের মানুষ জানতে পারে। আপনারা লংমার্চ করছেন কেন? এখন তেলের সংকটের জন্য লংমার্চ করছেন। তেল এলো কোথা থেকে?”
তিনি বলেন, “ইরান-ইরাক যুদ্ধ হয়েছে, অর্থাৎ আমেরিকা ও ইরানের যুদ্ধ হয়েছে। সেই সময় তেলের দাম ৮২ ডলার ছিল প্রতি ব্যারেল, আর যুদ্ধের কারণে সেটা হয়েছে ২৯১ ডলার প্রতি ব্যারেল। ২৯১ ডলার আমরা সমন্বয় করব কোথা থেকে? তেলের দাম বেড়েছে। কয়েকদিন আগে সারা পৃথিবীতে ডিজেলের দাম বেড়েছে।”
পড়ুন : বিমানবন্দরে সরকারি কাজে বাধার অভিযোগ, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সা/


