চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার জুমার নামাজের আগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, “আমি হুজুরের দোয়া নিতে এসেছি।”
তিনি বলেন, “শাপলা গণহত্যার বিচারের জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”
জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে রাশেদ খান বলেন, “জামায়াত একদিকে ইসলামের কথা বলে, অন্যদিকে মুনাফেকি আচরণ করছে।” তিনি বলেন, “ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না।”
রাশেদ খান আরও বলেন, “জামায়াত মানুষকে বিভ্রান্ত করে মুনাফেকি করছে এবং কীভাবে সরকারে যাওয়া যায়, সেই চেষ্টা করছে।”
তিনি বলেন, “শ্রদ্ধেয় আমির বলেছেন, সকলের উচিত এই সরকারকে সহযোগিতা করা।”
হেফাজতে ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, “হেফাজতে ইসলাম বাংলাদেশ জামায়াতের মুনাফেকি আচরণের বিরুদ্ধে গিয়ে মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।”
এ সময় তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই।”
সৌজন্য সাক্ষাতে স্থানীয় নেতাকর্মী ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


