ঢাকার ধামরাইয়ে ‘এসো যুবক মাঠে লড়ি, মাদকমুক্ত দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার কালামপুর আতাউর রহমান খান ডিগ্রি কলেজের কেন্দ্রীয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সাটুরিয়ার প্যারা ডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত মুখোমুখি হয়।
খেলা দেখতে বিকেল থেকে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীরা। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
অনুষ্ঠানে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াসিন ফেরদৌস মুরাদ, প্রশাসক, ঢাকা জেলা ও সভাপতি, ঢাকা জেলা যুবদল।
আয়োজকেরা বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় টুর্নামেন্ট কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


