সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় বিএনপির দলীয় কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে জায়গা দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন ওই জায়গার মালিক দাবিদার হাবিবুর রহমান।
শনিবার বিকেলে উল্লাপাড়া মডেল থানা মসজিদের পাশের ওই জায়গায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, উল্লাপাড়া মডেল থানা মসজিদের গেটের দক্ষিণ পাশে তাদের নিজস্ব জায়গা রয়েছে। সেখানে বিভিন্ন স্থাপনাও রয়েছে। দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ওই জায়গা দখলের চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে রাতের আঁধারে সেখানে টিনের ছাপড়া তৈরি করা হয়। এতে বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
তিনি অভিযোগ করে বলেন, গত ১ অক্টোবর বেলা ১১টার দিকে ২০ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ওই জায়গায় এসে তাদের স্থাপনার টিনের বেড়া ভাঙচুর করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে তার ভাতিজা নাজমুলকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি উল্লাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
এদিকে জায়গাটিতে বিএনপির দলীয় কার্যালয়ের সাইনবোর্ড লাগানোর বিষয়ে যুবদল নেতা আব্দুল মান্নান শেখ বলেন, উল্লাপাড়ায় তাদের কোনো স্থায়ী দলীয় কার্যালয় নেই। কার্যালয়ের জন্য তিনি পৌরসভায় আবেদন করেছিলেন। পরে পৌরসভার কর্মকর্তারা এসে ওই জায়গাটি ব্যবহারের জন্য দেন। আপাতত সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তীতে ভালো জায়গা পাওয়া গেলে সেখানে কার্যালয় নেওয়া হবে। তিনি আরো বলেল জায়গাটি ব্যাক্তি মালিকানা নয় এটি সরকারি খাস জমি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না, মাত্রই জানতে পেরেছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : বজ্রপাত নিরোধনে জয়পুরহাটে ২শ তালের চারা রোপন


