প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের হাত থেকে সুরক্ষায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটে ২০০ টি তালের চারা রোপন করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। শনিবার দুপুরে সদর উপজেলার শুক্তাহার -ধারকি সংযোগ সড়কের দুই পাশে এই চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ আহমেদুল কবির, ফিল্ড ম্যানেজার আব্দুল মাজিদ, এসএসডিও জয়নুল আবেদিন, জয়পুরহাট সদর কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অমল চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উম্মে হাবিবা সুলতানা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ঝড়, বন্যা, খরা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের সঙ্গী। এর সাথে যোগ হয়েছে বজ্রপাত, যা প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা সবচেয়ে বেশি এবং ঝুঁকিও সবচেয়ে বেশি। বিগত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিতে সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। বজ্রপাতে হতাহতদের মধ্যে একটি বড় অংশ হলেন কৃষক, যারা খোলা মাঠে কাজ করেন। এই ঝুঁকি বিবেচনায় নিয়ে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন
সারাদেশে বজ্রপাত প্রবণ এলাকায় তালের চারা রোপন কর্মসূচী শুরু করেছে। পাবনার চাটমোহরে ৫০০ টি চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচীর সূচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ জয়পুরহাটে ২০০ টি চারা রোপন করা হলো। চারা রোপনের পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে বজ্রপাতের ঝুঁকি এড়াতে সচেতনতা বৃদ্ধিতে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রতিনিধিরা জানান, দেশের বিভিন্ন স্থানে এই তালের চারা রোপন কর্মসূচী আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
পড়ুন:হেলমেট ছুড়ে ফেললেন মেজর (অব.) আখতারুজ্জামান
ইমি/


