হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের পরিহিত জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ৮০টি স্বর্ণবার। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে আনার ঘটনাটি চোরাচালানের একটি অভিনব কৌশল। এই পদ্ধতিতে স্বর্ণগুলো কারা পাচার করার চেষ্টা করেছে, কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ঢাকায় কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চক্র বিমানকর্মীদের ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করে থাকতে পারে। উদ্ধার হওয়া চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত কার্যক্রম চলছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দরে যে ঘটনায় গ্রেপ্তার আখতারুজ্জামান
এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, কর্মকর্তাকে হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতের সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানায় হওয়া মামলায় তাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বিমানবন্দরে দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কথা বলার ধরন এবং হুমকি-ধামকির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। একই সঙ্গে কী কারণে তিনি এমন আচরণ করেছিলেন, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটসহ নানা অব্যবস্থাপনার মধ্য দিয়েই ঘটনার সূত্রপাত। সেদিন বিমানবন্দরে থাকা একাধিক যাত্রীও অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেন। সামাজিক মাধ্যমেও এ নিয়ে প্রতিবাদ জানিয়ে ভিডিও শেয়ার করেন কেউ কেউ।
এদিকে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের কাছে বিমানবন্দরের নানা অব্যবস্থাপনার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মি. আক্তারুজ্জামানের সঙ্গে একই ফ্লাইটে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সংসদ সদস্য।
পড়ুন: মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
আর/


