গাজীপুরের কাশিমপুরে বাড়ী ও দুটি দোকানে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন। এ সময় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার দুপুর ৩টার দিকে কাশিমপুরের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, সিদ্দিকের বাড়ী ও দুটি দোকানে বিপুল পরিমাণ এলপিজি সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল। বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সিলিন্ডার মজুত করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। অভিযানে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত রাখার অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ জানান, অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : বন্দরে ডাচ-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন


