চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় পৌঁছে তিনি সরকারি স্থাপনা ও সড়ক নির্মাণসহ চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে কথা বলেন জেলা প্রশাসক।
উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে আলীনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের শেষ পর্যায়ে জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্পও পরিদর্শন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পড়ুন : বন্দরে ডাচ-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন


