১০ লাখ ভিউয়ের জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক কতদূর যেতে পারেন? সোশ্যাল মিডিয়ার লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার অবিরাম প্রতিযোগিতার পেছনের আসল চিত্র নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo) নিয়ে এসেছে নতুন অরিজিনাল ওয়েব ড্রামা ‘চেকআউট’। মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় জুটি শিমুল শর্মা ও লামিমা লাম। গত ১লা অক্টোবর থেকে নাটকটি এক্সক্লুসিভলি বঙ্গ-তে স্ট্রিমিং হচ্ছে।
‘চেকআউট’-এর গল্প আবর্তিত হয়েছে দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে ঘিরে। অনলাইনের লাইমলাইটে টিকে থাকতে এবং নিজেদের ভিউ বাড়াতে তারা বেছে নেন এক অভিনব ও ঝুঁকিপূর্ণ পথ। ক্যামেরার সামনে লাইক আর ফলোয়ার পাওয়ার জন্য তাদের সাজানো প্রেমের নাটক একপর্যায়ে বাস্তব জীবনেও গভীর প্রভাব ফেলতে শুরু করে। তৈরি হয় নানা অনাকাঙ্ক্ষিত জটিলতা। ভার্চ্যুয়াল দুনিয়ার এই মেকি সম্পর্ক আর ক্যামেরার পেছনের আসল জীবনের মানসিক টানাপোড়েন শেষ পর্যন্ত তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে, সেই প্রশ্নের উত্তর মিলবে এই নাটকে।
বঙ্গ-এর হেড অফ কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “আজকের তরুণ প্রজন্মের ডিজিটাল জীবনের বাস্তবতা এবং ভাইরাল হওয়ার দৌড়ের পেছনের নানা গল্প নিয়েই ‘চেকআউট’। শিমুল ও লামিমার চমৎকার কেমিস্ট্রি আর স্বাধীনের সুন্দর নির্মাণে দর্শক সমসাময়িক জীবনের একটি বাস্তব ও বিনোদনমূলক গল্প দেখতে পাবেন।”
সুফিয়ান রায়হানের নির্বাহী প্রযোজনায় নির্মিত ‘চেকআউট’ নাটকটি সোশ্যাল মিডিয়ার চাকচিক্যময় দুনিয়ার পেছনে কঠিন এবং একইসাথে মজার দিকগুলো নিখুঁতভাবে তুলে ধরেছে। সমসাময়িক এই ড্রামাটি উপভোগ করতে দর্শকরা সরাসরি ভিজিট করতে পারেন বঙ্গ-এর ওয়েবসাইট (www.bongobd.com) অথবা ব্যবহার করতে পারেন বঙ্গ অ্যাপ।
পড়ুন : এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ
সা/


