বরগুনার পাথরঘাটায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্দেশিকা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর মঙ্গলবার পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলা ও ইউনিয়নের আওতাধীন সড়কগুলোর কোর নেটওয়ার্ক চিহ্নিত ও যাচাই করা হয়। ইউনিয়ন প্রতিনিধিরা সামাজিক অবস্থার ভিত্তিতে উন্নয়নের জন্য বিভিন্ন সড়কের অগ্রাধিকার তালিকা তৈরি করেন। পাশাপাশি মাঠপর্যায়ে সঠিক তথ্য ও মতামত সংগ্রহ করে ডাটাবেজ আপডেট করা হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার তাপস পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খান।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরান খান, জিআইএস এক্সপার্ট, বেটস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা প্রকৌশলী আবদুর রাজ্জাক।
গ্রামীণ কাঠামোর উন্নয়ন ও বিভিন্ন বিষয় তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জিআইএস এক্সপার্ট মোঃ কামরান খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাকু, পাথরঘাটা উপজেলা বিএনপির সহ-সভাপতি এরফান আহমেদ সোয়েন, পাথরঘাটা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক কর্মকর্তা মনিরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
পড়ুন : ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
সা/


