ধামরাইয়ে পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ সভা

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ঢাকার ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।

বিজ্ঞাপন

ধামরাইয়ের ২৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান আতিক, সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার পুলিশ কর্মকর্তা, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, যানজট নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ ও আনসারের পাশাপাশি গ্রাম পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মণ্ডপ এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তি কিংবা কোনো বস্তু দেখা গেলে নিজেরা আইন হাতে না তুলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তা যাচাই না করে প্রচার না করার আহ্বান জানানো হয়।

পূজা উদ্‌যাপন কমিটির নেতারা সভায় মণ্ডপগুলোর বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। বিশেষ করে নিরাপত্তা, বিদ্যুৎ, যানজট ও অগ্নিনিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনার অনুরোধ জানান তারা।

ইউএনও মো. আল মামুন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় রাখা হবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য পূজা কমিটিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে নজরদারি থাকবে। একই সঙ্গে পূজা কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সভা শেষে ধামরাইয়ের সব পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রেখে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পড়ুন : বিশ্বকে দেখাতে চাই, সব সম্প্রদায় নিরাপদ: ডিসি জাহিদ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন