ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিনজনের মৃত্যু ও ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় দেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি নান্দাইল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে সহোদর তিন ভাই মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়াকে মৃত্যু দেওয়া হয়। বাকি ১০ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল।
আদালত যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদন্ড ভোগ করতে হবে। মামলার ১৩ আসামির মধ্যে মৃত্যুপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ারুল আজিজ টুটুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন:দিনাজপুরে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান
ইমি/


