গাজীপুর মহানগরীর কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শাইনপুকুর সিরামিক্সে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আন্দোলন করেছেন পুরনো শ্রমিকরা। ছাঁটাই বন্ধ, বকেয়া বেতন ও প্রায় ১০ মাসের ওভারটাইম বিল পরিশোধসহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ করেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই দীর্ঘদিনের শ্রমিকদের চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে। অনেককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে আইডি কার্ড রেখে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে।
শ্রমিকদের দাবি, চাকরি থেকে ছাঁটাই করলে আইন অনুযায়ী নোটিশ দেওয়ার পাশাপাশি বকেয়া বেতন, সার্ভিস বেনিফিটসহ সব পাওনা পরিশোধ করতে হবে। একই সঙ্গে প্রতি মাসের বেতন নির্ধারিত সময়ে পরিশোধ এবং দীর্ঘদিনের বকেয়া ওভারটাইম বিল পরিশোধের দাবি জানান তারা।
এ ছাড়া সরকারি ছুটি না দেওয়া, নারী শ্রমিকদের যৌন হয়রানি ও নির্যাতন এবং শ্রমিক ফান্ডের প্রাপ্য টাকা উত্তোলনে আবেদন ফিরিয়ে দেওয়ার অভিযোগও করেন শ্রমিকরা।
এসব অভিযোগের ভিত্তিতে শাইনপুকুর সিরামিক্সের চিফ এক্সিকিউটিভ অফিসার লুৎফর রহমান ও জেনারেল ম্যানেজার নার্গিস সুলতানা শিল্পীর পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা।
তবে শ্রমিকদের এসব অভিযোগের বিষয়ে শাইনপুকুর সিরামিক্স কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন:দিনাজপুরে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান
ইমি/


