মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে তিন গ্যাস ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাউন্নারা, দড়গ্রাম ও সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে কাউন্নারা গ্রামের গ্যাস ব্যবসায়ী মাছরাঙ্গা এন্টারপ্রাইজের মালিক খোরশেদের বাড়ির গোডাউনে ১০৯টি ১২ কেজি ও ৫টি ৩৫ কেজির এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। অবৈধভাবে সিলিন্ডার মজুদের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দড়গ্রাম এলাকার মোকলেছ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোকলেস ২২টি এলপিজি সিলিন্ডার নিজের দোকানে না রেখে পাশের একটি চায়ের দোকানে মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে আব্দুল্লাহ এন্টারপ্রাইজের মালিক শহিদুল হককে ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সাটুরিয়া উপজেলার তিন ব্যবসায়ী অবৈধভাবে সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এ অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
পড়ুন:দিনাজপুরে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান
ইমি/


