সিরাজগঞ্জের বেলকুচিতে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আলহাজ্ব সিদ্দিক মডেল হাইস্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আব্দুল আল মামুনসহ অন্যরা।
শিক্ষার্থীদের উদ্দেশে খাজা টিপু সুলতান বলেন- “আজকের দিনে মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রার্থনা করি ভাল মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো, সত্য কথা বলব, প্রতারনা করব না, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব এবং আত্মশুদ্ধি অর্জন করব।”
তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন দেশজুড়ে বৃত্তি প্রদানসহ তিনটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলী এবং শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এ ছাড়া শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (র.)-এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করা হচ্ছে।
পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ
আর/


