ফেনীর ধর্মপুর এলাকা থেকে পিকআপ ভ্যানে করে চট্টগ্রামে পাচারের সময় ১৩০ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এস আর বি – ৭। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এস আর বি-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে ফেনী সদর থানার ধর্মপুর এলাকা থেকে বিদেশি মদ নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার তথ্য পায় র্যাব। পরে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খানসিটি সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
পিকআপটি চেকপোস্টে পৌঁছালে র্যাব সদস্যরা থামার সংকেত দেন। এ সময় পিকআপে থাকা তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৯৭ দশমিক ৫ লিটার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির রামগড় পৌরসভার নাকাপা এলাকার মো. নূর আলম (৩৬), মো. শেখ ফরিদ (৩৬) ও ফেনীর ধর্মপুর এলাকার মো. শফিকুল আলম ভূঁঞা (৩৪)।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পিকআপে করে পরিবহনের কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পড়ুন : জীবননগরে ৪৫৩ কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১


