ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারীদের মাঝে গাছের চারা এবং ইমাম ও পুরোহিতদের মাঝে বই ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এসময় নারীদের মাঝে ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, প্রতিবন্ধীদের মাঝে ১০ টি হুইল চেয়ার, পক্ষাঘাতগ্রস্ত ব্যাক্তিদের জন্য ২০টি ছড়ি, ইমামদের জন্য ২০টি ধর্মীয় গ্রন্থ ও পুরোহিতদের মাঝে ২০ টি ধর্মীয়গ্রন্থ এবং ১৫ টি পোশাক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান এমন একটি মানবিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য কোলা ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপি সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড এবং ঈমাম ও পুরোহিতদের জন্য মাসিক সম্মানীর চালু করেছে। বিএনপি সবসময় সাধারণ ও মেহনতি মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে পরিবেশ রক্ষা এবং সামাজিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে এই ধরনের সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত রাখা হবে।
এসময় তিনি কালীগঞ্জ উপজেলা ও কোলা ইউনিয়ন বিএনপির সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আরো বলেন আপনাদেরকে বিভাজিত করার জন্য জামায়াতের পক্ষ থেকে শয়তানি করা হচ্ছে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হামিদুল ইসলাম হামিদ, তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন ভিপি ও ইলিয়াছুর রহমান মিঠু।
পড়ুন : জীবননগরে ৪৫৩ কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১


