মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোরে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৪/৪-এস-এর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। একই সঙ্গে স্থানীয় লোকজনও পুশইনের বিরুদ্ধে অবস্থান নেন।
পরে সকাল আনুমানিক ৬টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে রয়েছেন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল
সা/


