কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বিজিবি।
আজ শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ০৯৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, গুলিবিদ্ধ ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক।
এতে আরো বলা হয়েছে, ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং সীমান্তের এপারে অবস্থানরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানিয়েছে, বিজিবি সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সচেতন করা হচ্ছে।
পড়ুন : ধ্রুব রাঠিকে আটক করল গুরুগ্রাম পুলিশ, দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা
সা/


