পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট এবং এই বিষয়ে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, এই দুই পবিত্র স্থান আক্রান্ত হলে সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে, তা প্রদানে বাংলাদেশ সম্পূর্ণরূপে প্রস্তুত।
শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের বর্তমান সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে বাংলাদেশ বিনিয়োগের সমকক্ষ অংশীদার হতে চায়। এ লক্ষ্যে দেশে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশে সৌদি বিনিয়োগের আহ্বান জানান। সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে শ্রমবাজারের কথা উল্লেখ করে তিনি জানান, সৌদি আরবে দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ গভীরভাবে আগ্রহী।
নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সৌদি আরবের অন্যতম শক্তিশালী অংশীদার বাংলাদেশ। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, এই চুক্তি জাতীয় স্বার্থের অনুকূলে এবং সামঞ্জস্যপূর্ণ হলে সরকার তা ইতিবাচক দৃষ্টিতেই দেখবে। এছাড়া মুসলিম বিশ্বের সেবা ও মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ থাকলে সরকার সে বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রিয়াদ সফরের জন্য যে আমন্ত্রণ জানিয়েছেন, তা গ্রহণ করা হয়েছে এবং সুবিধাজনক সময়ে এই সফর অনুষ্ঠিত হবে। পাশাপাশি সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন, তাকে স্বাগত জানাতে ঢাকা প্রস্তুত রয়েছে। এছাড়া আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, সেখানে প্রধানত জ্বালানি সহযোগিতা ও নতুন বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পাবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।
পড়ুন : ভারতের সামনে কী এবার মোদী পতনের আভাস?
সা/


