ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছে। বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির ভবিষ্যৎ এবং দেশের নেতৃত্ব দেবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর বারোটায় ৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে রাজশাহী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় শিক্ষক, স্টাফ এবং অন্যান্য সরঞ্জামাদি আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ করার তাগিদ দিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, নিয়োগে কোনো প্রকার প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না, কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক পরিবেশ রক্ষার নির্দেশ প্রদান করে তিনি বলেন, প্রতিষ্ঠানের অব্যবহৃত পুকুরটি দ্রুত ভরাট করে নির্দিষ্ট সীমানা প্রাচীরের আওতায় নিয়ে আসতে হবে। বিদ্যালয়ের সম্পত্তি দখল বা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি করেন। এছাড়া শিক্ষার্থীদের পুষ্টি ও ভিটামিন সি-এর চাহিদা পূরণে বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম ও তেঁতুলসহ বিভিন্ন ফলদ বৃক্ষরোপণের পরামর্শ দেন তিনি।এসময় তিনি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।
রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার জাহানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
পড়ুন : কুষ্টিয়ায় জনসম্মুখে লালন মাজারের দানবাক্সের টাকা গণনা


