কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের ওপর শিক্ষার্থীদের হামলার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল, চিকিৎসাসেবার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয়।
স্বজনদের দাবি, গত ২৫ সেপ্টেম্বর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর গত ১০ অক্টোবর সোহাগ ও সোহেল নামে দুই ভাইয়ের ওপর হামলা চালান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাঁদের মারধর ও একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনকারীরা বলেন, চিকিৎসাপ্রতিষ্ঠানে সহিংসতার অভিযোগ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।
অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি।
পড়ুন : অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড
সা/


