মাদককারবারিদের পিছু ধাওয়া করতে গিয়ে ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করায় কুমিল্লায় পুলিশের দুই সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড় ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
আটক হওয়া পুলিশ সদস্যরা হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান আহমেদ এবং সম্প্রতি থানায় যোগদান করা কনস্টেবল রোহিত মারমা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, রাত সাড় ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে রাত্রিকালীন ডিউটিতে ছিলেন ওই দুই পুলিশ সদস্য। একপর্যায়ে তাঁরা আশাবাড়ি ২০৫৯ সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান। সেখানে পুলিশ দেখে মাদককারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কনস্টেবল রোহিত তাদের পিছু ধাওয়া করেন। এ সময় সীমান্তে অবস্থানরত ভারতীয় নাগরিক ও স্থানীয় মাদককারবারিরা কনস্টেবল রোহিতকে আটক করে। পরবর্তীতে এএসআই ইমরান তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে স্থানীয়রা তাঁকেও আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদক উদ্ধারের কাজে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এসময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদককারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় মাদককারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ। আটক দুই সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।”
অন্যদিকে, এই ঘটনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন শশীদল বিওপির দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার। বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে দ্রুত ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : নেত্রকোনায় ৫ গুলিতে সাংবাদিক খুন, এলাকায় আতঙ্ক
সা/


