ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তাঁর কন্যাসন্তানের জন্মতারিখ নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য সংশোধন করেছেন। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছিল যে তাঁর মেয়ে আনায়ার জন্ম গত ১২ ডিসেম্বর। তবে দীর্ঘ প্রায় এক বছর পর সেই ভুল ভাঙিয়ে অভিনেতা জানিয়েছেন, গত বছরের ১৫ অক্টোবরই তাঁর মেয়ে পৃথিবীতে এসেছিল এবং আজ (১৫ অক্টোবর) তার প্রথম জন্মদিন।
মেয়ের এই বিশেষ দিনটি উদ্যাপন করতে ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন অপূর্ব। ছোট্ট রাজকন্যার প্রথম জন্মদিনে আবেগ প্রকাশ করে তিনি লিখেছেন,
“তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যার প্রথম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সত্যিই বুঝতে পারি না, দেখতে দেখতে সময়টা কীভাবে পেরিয়ে গেল! ঠিক এক বছর আগে আজকের এই দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে, আর মুহূর্তেই সবকিছু বদলে দিয়েছিলে অপার সৌন্দর্যে।”
মেয়ের বেড়ে ওঠা ও তার হাসিমুখ দেখার আনন্দকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে অভিনেতা আরও লেখেন, “তোমার বেড়ে ওঠা, নতুন নতুন জিনিস আবিষ্কার করা, আর তোমার মিষ্টি হাসি ও আনন্দে আমাদের ঘর ভরিয়ে তোলা—এসব দেখা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের সেই প্রথম মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের রানির মুকুট পরে আছো।”
সবশেষে ছোট্ট রাজকন্যাকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “তোমার জীবন যেন সব সময় তোমারই মতো উজ্জ্বল, মায়াময় আর অমূল্য হয়ে থাকে।”
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে অভিনেতা অপূর্ব ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে ২০১১ সালে তিনি অদিতিকে বিয়ে করেন, যাঁদের সংসারে আয়াশ নামের একটি পুত্রসন্তান রয়েছে। এছাড়া অদিতির পূর্বে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গেও তাঁর বিয়ে হয়েছিল, যা বেশিদিন স্থায়ী হয়নি।
পড়ুন : আধুনিক বাংলা সুরের রূপকার: শুভ জন্মদিন হাবিব ওয়াহিদ
সা/


