কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদনের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার নামের এক নেতা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্যসচিব সৈয়দ আহসান টিটু চৌদ্দগ্রাম উপজেলার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। ঘোষিত এই কমিটিতে মামুন মজুমদারকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল। তবে তিনি ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদের দাবিদার ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মামুন মজুমদার উল্লেখ করেন যে, তিনি রাজনৈতিকভাবে সচেতন হলেও সবসময় প্রকাশ্য রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং জাতীয় নাগরিক পার্টি গঠনসহ দেশের ক্রান্তিকালে দায়বদ্ধতার জায়গা থেকে দলটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন।
তিনি লেখেন, ব্যক্তিগত কারণে আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও তাঁর অজান্তেই ও নিজস্ব মতামত ছাড়া তাঁকে এই কমিটিতে রাখা হয়েছে। ফলে ব্যক্তিগত কারণ দর্শিয়ে তিনি পদত্যাগের কথা জানান। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, “কমিটি ঘোষণার আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলাম, কমিটিতে থাকব না। এরপরও ভুলবশত উপজেলা আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এ কারণে ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছি।” তবে তিনি উপজেলা কমিটি ছাড়লেও জেলা কমিটির সদস্য হিসেবে বহাল থাকবেন বলে নিশ্চিত করেছেন এবং নবগঠিত কমিটিকে শুভকামনা জানিয়েছেন।
এই বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, তারা মামুন মজুমদারের কোনো লিখিত পদত্যাগপত্র পাননি, তবে ফেসবুকে পোস্ট দেখার পরপরই উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাঁর নাম বাতিল করা হয়েছে। তাঁর মন্তব্য, “আমাদের ধারণা, কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন।”
রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা
অন্যদিকে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে চেপে আসা একদল দুর্বৃত্ত এনসিপি কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও অপর দুটি অবিস্ফোরিত থেকে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় (ডিসপোজ) করে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।
পড়ুন : বাংলাদেশসহ বিশ্বব্যাপী জ্বালানি সংকটের শঙ্কা
সা/


