নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট গোলজার হোসেনের অংশগ্রহণে মতবিনিময় সভা, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার বাদ জুমআ নগরপাড়া বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফরিদ উদ্দিন আহমেদ। সভায় স্থানীয় বাসিন্দা, ভোটার ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে চনপাড়া এলাকায় স্থানীয় ভোটারদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় করেন গোলজার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: গোলজার হোসেন বলেন, “কায়েতপাড়াবাসীর সেবায় আমি অতীতে অত্যন্ত অভিজ্ঞতা ও সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সুতরাং আমি এ এলাকার মানুষের দাবি-দাওয়া ও প্রয়োজন সম্পর্কে ভালোভাবেই অবগত। আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করলে স্বপ্নের রূপগঞ্জের অংশ হিসেবে এক দৃষ্টিনন্দন ও আধুনিক কায়েতপাড়া গড়ে তুলবো।”
পড়ুন : বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন


