ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গঠনমূলক সমালোচনা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক কালবেলার ময়মনসিংহ ব্যুরো প্রধান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ-মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মাত্র চার বছরে দৈনিক কালবেলা সংবাদপত্রের জগতে নিজেদের অবস্থান তৈরি করেছে। তবে সংবাদপত্র প্রতিষ্ঠা করার চেয়ে তা টিকিয়ে রাখা কঠিন। বিশেষ করে মফস্বল সাংবাদিকতায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
তিনি বলেন, সাংবাদিকতার নেতিবাচক চর্চা প্রতিরোধে সাংবাদিকদেরই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ময়মনসিংহের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব সমস্যা সরকারের নজরে এলে সমাধানের পথ সহজ হবে।
সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ‘গঠনমূলক সমালোচনা আগামী দিনের শুদ্ধ পথচলার রাস্তা তৈরি করে দেয়। সমালোচনাকারীকে শত্রু মনে না করে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোর ভুলত্রুটি গণমাধ্যম তুলে ধরবে, এটাই প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ময়মনসিংহে নতুন প্রজন্মের দক্ষ ও পেশাদার সাংবাদিক তৈরি করা প্রয়োজন। এ জন্য সাংবাদিকদের প্রশিক্ষণ ও কোর্স চালুর উদ্যোগ নিতে হবে। সিটি করপোরেশন এ ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। সরকারের বিভিন্ন কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে মানুষকে জানাতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিষয়ে সতর্ক থাকতে হবে।
বিশেষ অতিথি সংসদ সদস্য কামরুল হাসান মিলন বলেন, অল্প সময়ের মধ্যেই দৈনিক কালবেলা পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সব দলের জন্য একই মানদণ্ড অনুসরণ করা জরুরি। কোনো ঘটনায় এক দলের ক্ষেত্রে শুধু অভিযোগের কথা বলা হবে, আর অন্য দলের ক্ষেত্রে তদন্তের আগেই কাউকে অভিযুক্ত করা হবে, এমন দ্বৈত নীতি গ্রহণযোগ্য নয়। সংবাদে প্রকৃত তথ্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগর সেক্রেটারি শহিদুল্লাাহ কায়সার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, মাহাবুব আলম, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী সমিতির তৌহিদুজ্জামান ছোটন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এনটিভি অফিস প্রধান এম.আইায়ুব আলী, চ্যানেল আই ও দৈনিক ইত্তেফাক এর শেখ মহিউদ্দিন, বাংলাভিশন ও দৈনিক যুগান্তর এর অমিত রায়, দৈনিক আগামী সময় এর নিয়ামুল কবির সজল, যমুনা টেলিভিশনের হোসাইন শাহিদ, গাজী টিভি কাজী মোহাম্মদ মোস্তফা, এটিএন বাংলা’র শাহ আলম উজ্জল, সময়ের আলোর জাহাঙ্গীর কবির জুয়েল,আলোকিত বাংলাদেশ এর আদিলুর রহমান, বৈশাখী টেলিভিশন এর রাকিবুল হাসান রুবেল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব, ময়মনসিংহ মঞ্চ এর ইমতিয়াজ আহমেদ তানসেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে ময়মনসিংহ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম ও ময়মনসিংহ চেম্বার অব কমাসের পলিচালক ব্যবসায়ী নেতা প্রান্ত ডায়গনোস্টিক এর ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম চন্দনসহ অনেকেই ব্যুরো প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।
পড়ুন : কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা


