চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মৃত আলী আহমদ এবং মা জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম ইউসুফ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক স্বজনদের বরাতে জানান, উপজেলার অলিনগরে সাদ্দামের অফিসের সামনে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে তারেক ও শাওন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পড়ুন:কক্সবাজারে ইনানীতে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু
ইমি/


