ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধামরাই উপজেলার পূর্ব কায়েতপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. আক্তার হোসেন (৩৮) এবং একই এলাকার মৃত মহিউদ্দিনের মেয়ে ও আক্তার হোসেনের স্ত্রী চায়না আক্তার ওরফে বৃষ্টি (৩০)।
ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে আক্তার হোসেন ও চায়না আক্তার ওরফে বৃষ্টিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১০ গ্রাম। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আক্তার হোসেনের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে। তাকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে ঢাকা জেলা ডিবি।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:আজ দুর্গোৎসবের মহাসপ্তমী, মণ্ডপে উৎসবের আমেজ
ইমি/


