সাভারের আশুলিয়ায় পিকআপের বডির নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সে ৫২ কেজি গাঁজা বহনকালে মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক চালককে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আজ দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
তিনি বলেন, আজ ভোর ৩টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনি জামে মসজিদের সামনে মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহভাজন পিকআপ থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপের পেছনের বডির নিচে বিশেষভাবে তৈরি বক্সে রাখা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মো. জামাল মিয়া ওরফে সেলিমকে আটক করা হয়।সেলিমের বিরুদ্ধে আগেও অপরাধমূলক রেকর্ড রয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা ও একটি চুরির মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। পিকআপ চালক পেশার আড়ালে সেলিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে পিকআপযোগে গাঁজাগুলো চন্দ্রা হয়ে আশুলিয়ার বাইপাইলে আনা হচ্ছিল।
আটক সেলিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে, বলেন পুলিশের এই কর্মকর্তা।
পড়ুন:পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
ইমি/


