কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাকে মালবোঝাই ট্রাকের ধাক্কায় শিশুসহ দুই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে মালবোঝাই ট্রাক ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। নিহত অপর দুজনের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার বাসিন্দা (নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি) এবং তাঁর স্ত্রী শরীফা বেগম (৪২)। তাঁদের মেয়ে বৃষ্টি গুরুতর আহত হয়েছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন:পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
ইমি/


