আগামী বছরের (২০২৭ সাল) এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। কোনো ধরনের বিলম্ব ফি ছাড়াই এই অনলাইন ফরম পূরণ কার্যক্রম চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ উন্নয়ন, বহিষ্কৃত পরীক্ষার্থী এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে একগুচ্ছ বিশেষ ও জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
জিপিএ উন্নয়ন সংক্রান্ত নির্দেশনা
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫-এর কম পেয়েছেন—এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশ নিতে পারবেন। তাদের অবশ্যই পূর্ণাঙ্গ ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। নতুন পরীক্ষায় প্রাপ্ত ফলাফল ভালো হলে তা গ্রহণ করা হবে, অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে। জিপিএ উন্নয়ন প্রত্যাশী পরীক্ষার্থীদের আগের পরীক্ষার প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যয়িত ফটোকপি প্রিন্ট কপির সঙ্গে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
বহিষ্কৃত ও অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়মাবলি
বহিষ্কৃত পরীক্ষার্থী: বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সব বিষয়ে অংশ নিতে পারবেন।
অনিয়মিত পরীক্ষার্থী: ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যারা ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেননি, তারা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে তাদের কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না।
এছাড়া বিগত বছরগুলোতে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ সাপেক্ষে ২০২৭ সালের পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে কিংবা ইচ্ছে করলে সব বিষয়েই অংশ নিতে পারবে। ২০২২-২৩ সালের যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে অথচ চতুর্থ বিষয় বাদে এখনো এক বিষয়ে অকৃতকার্য আছে, তারা বিশেষ বিবেচনায় কেবল এক বছরের জন্য রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
পাঠ্যসূচি ও সিলেবাস
অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে।
নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে অংশ নেবে।
শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ের ক্ষেত্রে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে অনলাইনে পাঠাবে এবং হাতে লেখা মূল নম্বর ফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
নির্বাচনী পরীক্ষা
জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং ইতিপূর্বে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা ছাড়া বাকি সব শিক্ষার্থীর জন্য নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
পড়ুন : প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা খতিয়ে দেখছে ডিএমপি
সা/


