উনিশের ক্ষোভটা মনে ছিল, আজ জিততে পেরেছি: আলপনা

২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের সেই ক্ষত এখনও তাজা ছিল আলপনা আক্তারের মনে। আজ ঢাকার কোর্টে সেই পুরোনো ক্ষোভকেই শক্তিতে রূপান্তর করলেন তিনি। দুর্দান্ত নৈপুণ্যে একাই করলেন ৭ গোল। ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬ এশিয়া জোন–২ (উইমেনস সিনিয়র)’-এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩–২০ গোলে উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ।

ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর আলপনার কণ্ঠে ফুটে ওঠে সেই পুরোনো হিসেব চুকানোর তৃপ্তি। তিনি বলেন, ‘আসলে আমার অনেক ভালো লাগছে। উনিশে আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা আমার মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম আজকে আমরা জিতব, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তা-ই হয়েছে, আমরা জিততে পেরেছি।’

ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সাকিবা জান্নাতকে। দলের শক্তি কিছুটা কমলেও সতীর্থদের মনোবল ভাঙতে দেননি আলপনা।

সেই মুহূর্তের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে আলপনা বলেন, ‘সাকিবা যখন লাল কার্ড পেল, তখন আমাদের মনোবল কিন্তু ভেঙে পড়েনি। আমি সবাইকে উৎসাহ দিয়ে বলেছিলাম—না, ও যে লাল কার্ড পেয়েছে, আমরা ম্যাচ জিতেই সেটার প্রতিশোধ নেব। ইনশাআল্লাহ আমরা তা নিতে পেরেছি।’

নতুন স্প্যানিশ কোচ আনা আলোনসোর অধীনে জাতীয় দলের এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বিদেশি এই কোচের অধীনে দলের কৌশলগত উন্নতির কথা জানিয়ে আলপনা বলেন, ‘আগের চেয়ে আমাদের ডিফেন্স অনেক ভালো হয়েছে। আগে আমাদের রক্ষণভাগ তেমন একটা ভালো ছিল না। এখন ডিফেন্স ও অ্যাটাক—উভয় বিভাগেই আমরা ভালো করছি। হেড কোচ অনেক ভালো, পাশাপাশি আমাদের ডালিয়া আপাও (সহকারী কোচ) চমৎকার।’

উদ্বোধনী ম্যাচে বড় জয়ে শুরু হলেও সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা। আগামীকালই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আলপনা বলেন, ‘এই ম্যাচটা অনেক ভালো লেগেছে, আমরা সবাই খুব ভালো খেলেছি। কালকে আমাদের ভারতের সাথে খেলা, সেখানেও অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

পড়ুন : পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন